সোনারগাঁয়ে জন ভোগান্তি নিরসনে মাঠে নেমেছেন এমপি মান্নান।
আকতার হোসেন:- সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তায় সোমবার ৩ ফেব্রুয়ারি সকালে তিনি উপজেলা প্রশাসন ও সোনারগাঁ থানা পুলিশ-কে সঙ্গে নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকাগুলো পরিদর্শন করেন।
দীর্ঘদিন ধরে ফুটপাত দখল, অবৈধ স্থাপনা ও ফুটওভার ব্রিজে হকার বসার কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এতে করে সড়কে যানবাহনের চাপ বাড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
পরিদর্শনকালে এমপি আজহারুল ইসলাম মান্নান সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে ফুটপাত দখলমুক্ত করা, ফুটওভার ব্রিজ হকারমুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশ দেন।
তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তাদের দুর্ভোগ লাঘব করার জন্য। সড়ক ও ফুটপাত জনগণের চলাচলের জন্য—কোনোভাবেই অবৈধ দখল মেনে নেওয়া হবে না।”
তিনি আরও জানান, যানজট নিরসনে প্রয়োজনীয় ক্ষেত্রে নিয়মিত অভিযান পরিচালনা, অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা এ সময় তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা জানান, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হলে জনজীবনে স্বস্তি ফিরে আসবে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও বৃদ্ধদের চলাচল অনেক সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ উদ্যোগের ফলে দীর্ঘদিনের যানজট সমস্যা ও পথচারীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন সচেতন মহল।